অর্থনীতি
ই-রিটার্ন দাখিলে প্রবাসীদের আগ্রহ চোখে পড়ার মতো: এনবিআর
অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক বিশেষ আদেশ অনুযায়ী চলতি করবর্ষে ব্যক্তি শ্রেণির অধিকাংশ করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।
এনবিআর জানায়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের মাধ্যমে ২০২৫–২৬ করবর্ষের জন্য ওয়েবসাইটভিত্তিক ই-রিটার্ন দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর থেকেই করদাতাদের অংশগ্রহণ দ্রুত বাড়ছে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ইতোমধ্যে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও তাদের একটি বড় অংশ স্বতঃস্ফূর্তভাবে অনলাইনে রিটার্ন জমা দিচ্ছেন।
এনবিআর বলছে, প্রবাসী বাংলাদেশিসহ সব শ্রেণির করদাতাদের এই ব্যাপক আগ্রহ দেশের রাজস্ব ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার উদ্যোগকে আরও বেগবান করছে। এটি কর প্রশাসনের স্বচ্ছতা ও সেবা সহজীকরণে ইতিবাচক ভূমিকা রাখছে।
জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি শ্রেণির সব সম্মানিত করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে।