রাজনীতি

আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস সরকার: সালাহউদ্দিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস সরকার: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘ভারতীয় দল’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই সেই ফ্যাসিস্ট শক্তির পতন ঘটেছে। তাঁর দাবি, আওয়ামী লীগ ছিল মূলত ভারতের সেবাদাস সরকার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও ফ্যাসিস্ট সরকার প্রকৃত অর্থে মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, বিরোধী মত দমন করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ওই সরকার এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতেও আঘাত করেছে।

বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, “আমরা গর্বের সঙ্গে বলতে পারি-আমাদের একজন খালেদা জিয়া ছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর নেতৃত্ব ও সংগ্রাম সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।”

তিনি আরও বলেন, খালেদা জিয়ার আদর্শই বিএনপির রাজনীতির মূল প্রেরণা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলটি আগামীতেও সংগ্রাম চালিয়ে যাবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন সালাহউদ্দিন আহমেদ।