রাজনীতি
বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। একদলীয় বাকশাল কায়েম নয়, গণতন্ত্রের পরিবেশ নিশ্চিত করাই জরুরি।
আজ রবিবার (০৩ মে) দুপুরে গাজীপুরের টঙ্গীর গুশুলিয়া এলাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে। আমরা যে কথা বলি, তা যেন বাস্তবধর্মী ও যুক্তিসংগত হয়- সংসদে সেটাই গুরুত্বপূর্ণ। আবেগ দিয়ে কথা বললে তা সংসদের ভাষায় সঠিকভাবে প্রতিফলিত হয় না।
এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে তিনি ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করেন।
এসময় অনুষ্ঠানে মেডিকেল কলেজটির চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর মেডিকেল কলেজটিতে দেশি-বিদেশি মিলিয়ে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে এবং অ্যাপ্রোন পরিয়ে বরণ করে নেওয়া হয়।