প্রবাস

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন


প্রবাস ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:২৬ এএম

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন আরেক বাংলাদেশি প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজ বিভাগে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরভিত্তিক এই প্রতিযোগিতায় এবার বিশ্বের ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন হাফেজ অংশ নেন। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতাটির ৪৬ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছেন।

মুসলিম তরুণদের কোরআন মুখস্থ করা, এর মর্মার্থ অনুধাবন এবং কোরআন চর্চায় উৎসাহিত করাই এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের সম্মাননা ও তাদের মেধার মূল্যায়নেও প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এবারের আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক বিভাগ রাখা হয়। তাদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে। অন্যদিকে পুরুষ বিভাগের সমাপনী ও মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় পবিত্র মসজিদুল হারামে।

পাঁচটি পৃথক বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।