খেলা

গুলি করার ভঙ্গিতে গোল উদযাপন, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

গুলি করার ভঙ্গিতে গোল উদযাপন, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে গোল করে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করে বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের ফুটবলার সায়েদ আবু ফারখি। উদযাপনের পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো স্মিড। ৫৫ মিনিটে গোল করে ইসরায়েলকে সমতায় ফেরান ফারখি।

গোলের পর সতীর্থদের সঙ্গে হাত মেলান ফারখি। এরপর কর্নার পতাকার কাছে গিয়ে এক পা মাটিতে রেখে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। কিছুক্ষণ পর রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখালে বিস্ময় প্রকাশ করে প্রতিবাদ জানান ফারখি। তবে সিদ্ধান্ত পরিবর্তন করেননি রেফারি। ফলে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

এর মাত্র চার মিনিট আগেই প্রথম হলুদ কার্ড দেখেছিলেন ইসরায়েলের এই ফরোয়ার্ড। ফলে তার বিদায়ের পর ইসরায়েল ১০ জনের দলে পরিণত হয়।

ফারখিকে অবশ্য এর আগেও একই ধরনের গোল উদযাপন করতে দেখা গেছে। সে সময় তিনি ইসরায়েলের ঘরোয়া ক্লাব ম্যাকাবি তেল আবিবের হয়ে খেলতেন।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক ও সমালোচনার মধ্যেই এই গোল উদযাপন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সময়ে আয়ারল্যান্ডের সঙ্গেও ইসরায়েলের রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে।