রাজধানী
রাজধানীর দেয়ালে ‘ফ্যাসিস্ট রেজিম’-এর স্মৃতি, চলছে গ্রাফিতি অঙ্কন
রাজধানীর দেয়ালে ভেসে উঠছে অতীতের দুঃসময়। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন কর্মসূচি চলছে ঢাকায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন এ কার্যক্রমের খবর। পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর আইডিয়াতেই স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শীর্ষক এ গ্রাফিতি প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে।
এই গ্রাফিতি চিত্রগুলো রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের পিলারজুড়ে আঁকা হচ্ছে। সেখানে তুলে ধরা হচ্ছে একটি ফ্যাসিবাদী সময়ের নির্মম গল্প—যেখানে রাষ্ট্রীয় দমন-পীড়ন, বাকস্বাধীনতার কণ্ঠরোধ, ও গণতান্ত্রিক অধিকার হরণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
এই গ্রাফিতিগুলো শুধু চিত্রই নয়, বরং একটি বার্তা। এটি বর্তমান প্রজন্মকে স্মরণ করিয়ে দিচ্ছে কীভাবে একটি ফ্যাসিবাদী শাসন জনগণকে ঠেলে দিয়েছিল রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের দিকে।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সরাসরি এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। গ্রাফিতির পাশাপাশি গণ-অভ্যুত্থান ও জনগণের সংগ্রামের ইতিহাসকে স্মরণে রাখতে মাসব্যাপী আয়োজন করা হবে নানা অনুষ্ঠান ও প্রদর্শনী।
নান্দনিক শিল্পকর্ম ও ঐতিহাসিক বার্তার সংমিশ্রণে রাজধানীর সাধারণ পথচারীরাও এসব গ্রাফিতিতে থমকে যাচ্ছেন। কেউ কেউ ছবি তুলছেন, কেউবা ইতিহাস জানতে আগ্রহী হচ্ছেন।
সমসাময়িক সময়ে রাজনীতি ও সমাজ নিয়ে ভিন্ন ধারার চিন্তা এবং সচেতনতামূলক উদ্যোগ হিসেবে এটি ইতোমধ্যে বেশ আলোচিত হয়ে উঠেছে সচেতন মহলে।