অর্থনীতি

ভারতের নতুন নিষেধাজ্ঞায় বাংলাদেশের আরও ৪ পণ্যে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম

ভারতের নতুন নিষেধাজ্ঞায় বাংলাদেশের আরও ৪ পণ্যে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পাটপণ্যের ওপর আবারও নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এবার চার ধরনের পাটজাত পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি সম্পূর্ণ বন্ধ করেছে দেশটি। ফলে রপ্তানিকারকদের বাধ্যতামূলকভাবে সমুদ্রপথে পণ্য পাঠাতে হবে ভারতের মুম্বাইয়ের নভসেবা বন্দরে। 

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক (ডিজিএফটি) গত সোমবার (১১ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জানায়, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা চার পণ্য হলো—পাট ও পাটজাত কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাত পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। বর্তমানে বাংলাদেশ থেকে এসব পণ্যের মাত্র ১ শতাংশ সমুদ্রপথে রপ্তানি হয়, আর বাকিগুলো যেত স্থলবন্দর দিয়ে। নতুন নিষেধাজ্ঞার ফলে এই সহজ ও স্বল্পব্যয়ী পরিবহন পথ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে রপ্তানিকারকদের এখন অতিরিক্ত সময় ও ব্যয় সাপেক্ষ সমুদ্রপথ ব্যবহার করতে হবে, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করতে পারে।

বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) সভাপতি তাপস প্রামাণিক বলেন, “বাংলাদেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে, এমন পদক্ষেপই নিচ্ছে ভারত। আমরা সরকারের কাছে আগেও বলেছি, আবারও বলছি—দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে। ট্রাম্প যদি পুতিনের সঙ্গে বসতে পারেন, তাহলে ভারত কেন বাংলাদেশের সঙ্গে বসবে না?” তিনি আরও বলেন, “শুধু ভারতের ওপর নির্ভর না করে বিকল্প বাজার খুঁজে বের করাও জরুরি।”

এর আগে গত ২৭ জুন ভারত স্থলবন্দর দিয়ে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। নতুন সিদ্ধান্তের ফলে নিষিদ্ধ পণ্যের তালিকায় আরও চারটি পণ্য যুক্ত হলো।

বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদক দেশ। প্রতিবছর বিপুল পরিমাণ পাট ও পাটজাত পণ্য ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। তবে প্রতিবেশী দেশের একের পর এক এ ধরনের নিষেধাজ্ঞা বাংলাদেশের পাটশিল্পে বড় ধাক্কা হয়ে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।