প্রবাস
উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার।
মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যেই মালয়েশিয়ার প্রায় সব গণমাধ্যম বিষয়টি প্রকাশ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি, বাগান ও খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং বিল্ডিং ক্লিনিং খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে।
তিনি আরও বলেন, নির্মাণ খাতে (Construction) শ্রমিক নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে। আর উৎপাদন খাতে (Manufacturing) অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (MIDA) এর আওতাধীন নতুন বিনিয়োগকে।
এবারের কলিং ভিসা বা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন করার সুযোগ থাকবে শুধুমাত্র খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলোর। আগের মতো কোনো ব্যক্তি, এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই-বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি, পরে চূড়ান্ত অনুমোদন দেবে জয়েন্ট কমিটি।
সরকার আরও জানিয়েছে, বর্তমানে মালয়েশিয়ায় ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু আছে, যা চলতি বছরের শেষ (৩১ ডিসেম্বর ২০২৫) পর্যন্ত বহাল থাকবে। এরপর থেকে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির ১০ শতাংশ পর্যন্ত অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে এ কোটার আওতায় বাংলাদেশ থেকে কতজন শ্রমিক আবেদন করতে পারবেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।